পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নামে প্রতারণা, দালাল হতে সাবধান

আপনি হয়ত বিদেশ যাবেন কিংবা বিদেশে অবস্থান করছেন, সেকারণে অথবা অন্য কোন কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন।এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গিয়ে হয়তো কোন দালাল চক্রের খপ্পরে পড়ে গেছেন। টাকার বিনিময়ে তারা সরবরাহ করল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। কিন্তু সেটা আসল নাকি জাল তা কি কখনো ভেবেছেন? নাকি ব্যস্ততার কারণে যাচাই করার কথা ভুলে বসে আছেন। যাহোক দালাল চক্রের খপ্পর এড়িয়ে সঠিক উপায়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার ব্যাপারে আপনাকে সচেতন করতেই এই লেখা। 

কেন দরকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ

বিদেশগামী অথবা বিদেশে অবস্থানরত প্রবাসীদের সম্পর্কে সংশ্লিষ্ট দেশ নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়ার অর্থ যাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে তিনি কোন অপরাধী নন এবং তার বিরুদ্ধে দেশের থানা গুলোতে কোন ফৌজদারী মামলা নেই । সে দেশের বাইরে গেলে রাষ্ট্রের কোন আপত্তি নেই।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াঃ


সঠিক নিয়ম হল নির্ধারিত ফরমে বাংলায় বা ইংরেজিতে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার অথবা জেলায় পুলিশ সুপার বরাবর আবেদন করতে হয় । আবেদনের সাথে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট কপি, পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হয় । আপনার আবেদনে দেওয়া তথ্যসমূহ পুলিশ যাচাই করে একটি প্রতিবেদন দিবে। পুলিশ প্রতিবেদনের পর ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার সাইন হয়ে আসার পর থানার মাধ্যমে আপনাকে দেওয়া হবে। এ ক্ষেত্রে ৭/১০ দিন সময় লাগতে পারে। বর্তমানে ম্যানুয়াল আবেদনের পাশপাশি অনলাইনেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন ও সংগ্রহ করা যায়। খুব সহজে এবং অল্পদিনেই কোন হ্যাসেল ছাড়া ঘরে বসেই নেওয়া যায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

এরপরও কেন প্রতারিত হচ্ছেন?

যথাযথভাবে আবেদনের স্বচ্ছ প্রক্রিয়াকে “হয়রানি” ও সময়ের অপচয় মনে করে অনেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য দালালের শরণাপন্ন হন। অনেক ক্ষেত্রে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি সার্টিফিকেট প্রার্থীদের একাজে প্রলুব্ধ করে। দালালের কাছ থেকে নেয়া সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সঠিক কিনা বা তার বিশ্বাসযোগ্যতা কতটুকু তা কি কখনো যাচাই করা উচিত। কেননা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশই দিবে। কোন দালাল নয়। এ খুব সহজ বিষয়। দালালের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিলে জেনে রাখুন নিশ্চিতভাবেই  আপনি প্রতারিত হলেন। হয়রানি কিন্তু শেষমেষ আপনারই হবে। অর্থ ও সময় দুটোই যাবে, কাঙ্খিত সার্টিফিকেটও মিলবে না।

প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান ও উদ্ধারঃ

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির কয়েকটি অভিযানে আটক হয়েছে বেশ কিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহকারী দালাল চক্রের সদস্য। গ্রেফতারকৃতদের নিকট হতে এ সম্পর্কে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। এসব অভিযানে জব্দ করা হয় ৪২৪১ টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন মন্ত্রণালয়ের (স্বরাষ্ট্র,পররাষ্ট্র,আইন ও মুক্তিযোদ্ধা) ২২ টি সীল, বিভিন্ন জেলার পুলিশ সুপার এর ৭০ টি সীল, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও থানার ১২৫১ টি গোল সীল ও ০৭ টি কম্পিউটার এবং ০৫ টি প্রিন্টার উদ্ধারসহ ১৫ জন আসামী গ্রেফতার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান, যাত্রবাড়ি, মতিঝিল ও পল্টন থানায় জাল জালিয়াতিসহ প্রতারণার মামলা হয়েছে।

কিভাবে তৈরি করা হয় জাল সার্টিফিকেটঃ 

সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোঃ নুরুল আমিন ডিএমপি নিউজ কে জানান, এ পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির মালামালসহ জালিয়াতি চক্রের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দালাল ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে জালিয়াত চক্র গ্রাহক সংগ্রহ করে। সংগৃহীত গ্রাহকের নাম ঠিকানা কম্পিউটার সফটওয়ার ব্যবহার করে এর মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে প্রিন্ট করে।

তিনি আরো জানান, জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরীর জন্য কাগজ সমূহ বাজারের ষ্টেশনারী দোকান থেকে ক্রয় করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর সমান করে কেটে নেয় । প্রত্যেকটি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য দু্ই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নেয় বলে জানান তিনি।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাযথ পদ্ধতি কি?

পাঠক আপনি কিংবা আপনার পরিবার অথবা আপনার আত্মীয়স্বজন নিচের পদ্ধতিগুলো অবলম্বন না করলে এমন প্রতারণার শিকার হতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল-

১। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদনের পূর্বে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় কোড নং (১-৭৩০১-০০০১-২৬৮১) এর অনুকুলে ৫০০/= মূল্যমানের ব্যাংক চালান করতে হবে।

২। একজন বিদেশগামী যাত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে অবশ্যই মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার অথবা জেলায় পুলিশ সুপার অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট আবেদন ফর্মে অথবা সাদা কাগজে আবেদন করতে হবে।

৩। আবেদনের সাথে ব্যাংক ড্রাফট কপি,পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিল এর প্রদত্ত সনদ পত্রের  সত্যায়িত ফটোকপি দিতে হবে।

৪। আবেদন পত্র জমার পর সংশ্লিষ্ট অফিস হতে সিরিয়াল নাম্বার ও তারিখ উল্লেখ সহ টোকেন দেয়া হয়।

৫। পুলিশের তদন্তক্রমে সাত কার্যদিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়।

৬। প্রত্যেকটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজি ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত করা হয়।

এছাড়াও আপনি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ঘরে বসেই অনলাইনে খুব অল্প সময়ে ও সহজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন।





ভিসার আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার কিন্তু ব্যস্ততার জন্য থানায় যাওয়ার সময় হচ্ছে না? বিদেশে ভিসা/পাসপোর্ট রিনিউ করবেন অথবা গ্রীন কার্ড/ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করবেন কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিবেন এই নিয়ে ভাবছেন? তাহলে জেনে রাখুন সেই ভাবনার দিন শেষ। সেবা প্রত্যাশীদের উন্নত ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ চালু করেছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা। যার ফলে খুব সহজে ঘরে বসে শুধুমাত্র কয়েক ক্লিকেই আপনি আবেদন করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য। তারপর নির্দিষ্ট সময় পর ঘরে বসেই রিসিভ করুন আপনার কাঙ্খিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনলাইনে খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী।

অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন প্রক্রিয়া

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার পাসপোর্টে প্রদত্ত স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোন একটি ঠিকানায় আবেদন করবেন। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরুপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত জন্ম সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ক্যান করতে হবে।

আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে আপনার পক্ষে দেশে যে কেউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপির স্ক্যানকপি প্রয়োজন।

যদি কুরিয়ারযোগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তবে তা Application form উল্লেখ করতে হবে।

অনলাইনে আবেদনঃ

১। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে আপনাকে প্রথমে Registration করতে হবে। Registration করার জন্য ভিজিট করুন  এখানে

২। Registration করার পর লগ-ইন করে Apply মেনুতে ক্লিক করলে একটি Application form আসবে। Form টি তথ্য সহকারে যথাযথভাবে পূরণ করুন।

৩। Application form এর Upload অপশনে প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যানকপি Upload করুন।

৪। এই পর্যায়ে আপনার প্রদত্ত সকল Information দেখানো হবে। কিছু পরিবর্তনের প্রয়োজন পড়লে তা Back বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। তবে Application টি চূড়ান্তভাবে সাবমিট করার পর তা আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।

৫। এরপর পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য Pay Offline বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে Instruction ফলো করুন। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকেরযে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান করুন।

৬। চালানের মূল কপিটি আপলোড করার পূর্বে অবশ্যই এর উপর এপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন। তা নাহলে আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবেনা এবং আবেদনটি বাতিল হয়ে যাবে।

জেনে নিন আবেদনের আপডেটঃ

আবেদনের আপডেট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PCC S এরপর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার আবেদনের সর্বশেষ আপডেট।

সমস্যায় পড়লে হেল্প নিনঃ

আপনার সমস্যার কথা ০১৭৫৫৬৬০১৭২ নম্বরে অবহিত করুন (রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা)। যেকোন ইস্যুতে প্রথমবার কল করার পর টিকেট নম্বর জেনে নিন। একই ইস্যুতে পরবর্তী কলের ক্ষেত্রে টিকেট নম্বর উল্লেখ করুন।

ডিএমপি হেল্প ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন এলাকার আবেদনকারীরা সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন এই নম্বরে হেল্প লাইনঃ- ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০। অথবা ডিএমপি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে কথা বলুন ০১৭১৩৩৯৮৬৮০ এই নম্বরে।