বাংলাদেশ প্রাইজবন্ড

বাংলাদেশ প্রাইজবন্ড হলো বাংলাদেশের সরকার কর্তৃক সঞ্চয়ের লক্ষে প্রবর্তিত এক প্রকার কাগুজে মুদ্রা পদ্ধতি। ১৯৭৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রাইজবন্ড চালু করে। সরকারের পক্ষে প্রাইজবন্ডের যাবতীয় কাজ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ প্রাইজবন্ড বাংলাদেশ ব্যাংকের সমস্ত বাণিজ্যিক ব্যাংক (সরকারী, আধা-সরকারী ও বেসরকারী ব্যাংক), ক্যাশ অফিস ও ডাকঘর থেকে কেনা ও ভাঙানো যায়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও প্রাইজবন্ডের লেনদেন সাধারণত বেআইনী।

পৃথিবীতে প্রথম প্রাইজবন্ড চালু হয় আয়ারল্যান্ডে ১৯৫৬ সালে, এবং একই বছর যুক্তরাজ্যে এটি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রিমিয়াম বন্ড নামে ছাড়া হয়। ১৯৭৪ সালে বাংলাদেশে মূলত জাতীয় সঞ্চয় অধিদপ্তর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করে। প্রাইজবন্ড বিক্রি করে সরকার সরাসরি জনগণের কাছ থেকে ঋণ নেয় এবং তা কিনে সরকার সে ঋণ পরিশোধ করে থাকে।  বাংলাদেশ প্রাইজবন্ড ভাগ্যপরীক্ষা পরিষদের সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারীর ভাষ্যমতে দেশে বর্তমানে মোট ৪ কোটি ৪০ লাখ টি প্রাইজবন্ড রয়েছে।

মূল্যমান

বাংলাদেশে সর্বপ্রথম ১০ ও ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড চালু হয়, তারপর ১৯৯৫ সালে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড চালু করা হয়। ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড চালু হওয়ার পর পূর্বের ১০ ও ৫০ টাকা মূল্যমানেরগুলো ব্যাংক থেকে তুলে নেওয়া হয়। সাধানরত একজন ব্যক্তি ৪৫ লাখ টাকার সমপরিমান প্রাইজবন্ড কিনতে পারেন।
 
ভাগ্যপরীক্ষা

বছরে চারবার প্রাইজবন্ডের ভাগ্যপরীক্ষা বা ড্র অনুষ্ঠিত হয়, তারিখগুলো হল:
  •     ৩১ জানুয়ারি
  •     ৩০ এপ্রিল
  •     ৩১ জুলাই
  •     ৩১ অক্টোবর

তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি (বর্তমানে শুক্র ও শনিবার) বা সরকারি ছুটি (সাধারণ/নির্বাহী আদেশে/ঐচ্ছিক), অথবা অন্য কোন কারনে প্রাইজবন্ডের ভাগ্যপরীক্ষা অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। প্রাইজবন্ড কেনার দুই মাস পার হওয়ার পরই কেবলমাত্র এটি ভাগ্যপরীক্ষার আওতায় আসে। ভাগ্যপরীক্ষার ফলাফল সাধারণত বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট অথবা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়। গত ৩১ জুলাই ২০১৭ তারিখে বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৮ তম (এখন পর্যন্ত সর্বশেষ) ভাগ্যপরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুরস্কারের অর্থ

বর্তমানে প্রতিটি সিরিজের জন্য ৪৬টি পুরস্কার বিদ্যমান রয়েছে, যার মোট অর্থের পরিমান ১৬ লক্ষ ২৫ হাজার টাকা।

  • প্রথম পুরস্কার    একটি     ৬ লাখ টাকা
  • দ্বিতীয় পুরস্কার     একটি     ৩ লাখ ২৫ হাজার টাকা
  • তৃতীয় পুরস্কার    দুটি     ১ লাখ টাকা করে
  • চতুর্থ পুরস্কার    দুটি     ৫০ হাজার টাকা করে
  • পঞ্চম পুরস্কার    ৪০টি     ১০ হাজার টাকা করে

ভাগ্য পরীক্ষার দুই বছর পর্যন্ত প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ দাবি করতে হয়, অন্যথায় এ অর্থ তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যায়। ভাগ্যপরীক্ষায় জেতার পর মূল প্রাইজবন্ডসহ সরকারের নির্ধারিত ফরমে আবেদন করলে সর্বোচ্চ দুই মাসের মধ্যে বিজয়ীকে পে-অর্ডারের মাধ্যমে অর্থ দেওয়া হয়। প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ করমুক্ত নয় আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১৯৯৯ সালের ১ জুলাই থেকে এ অর্থের ওপর সরকারকে ২০ শতাংশ হারে কর প্রদান করতে হয়।